স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ১৭:১৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহজ জয়

মিরপুরের উইকেট নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। রান উঠছে না, ব্যাটসম্যানরা শট খেলতে পারছে না, লো স্কোরিং হচ্ছে।

এমন অবস্থায় দর্শকরা কেন আসবে? আসছেও না।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিববিহীন রংপুর রাইডার্স করতে পেরেছিল মাত্র ৮২ রান। এর এ সহজ লক্ষ্য তাড়া করল কুমিল্লা অনেকটা হেসেখেলেই।

সাকিবের অবর্তমানে রংপুরের অধিনায়কত্ব করেছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক। বিয়াল্লিশোর্ধ এ 'বৃদ্ধের" প্রতিচ্ছবিই যেন রংপুরের পুরো ইনিংস।

কুমিল্লা লক্ষ্যে পৌঁছাতে খেলেছে মাত্র মাত্র ১১.৫ ওভাওে, ১ উইকেট হারিয়ে। ৯ উইকেটে সাকিবের রংপুরকে বিধ্বস্ত করে ছাড়লো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানের মাথায় কুমিল্লা তাদের প্রথম উইকেট হারায়। ওপেনার মাহমুদুল হাসানকে ফিরিয়ে দেন রংপুরের আরাফাত সানি। ব্যক্তিগত ১১ রান করে মিসবাহর তালুবন্দি হন মাহমুদুল।

জয়ের পথে দলকে এগিয়ে নিতে স্বাভাবিক ব্যাটিং করতে থাকেন কুমিল্লার আরেক ওপেনার ইমরুল কায়েস এবং তিন নম্বরে নামা ওয়েস্ট ইন্ডিজের তারকা মারলন স্যামুয়েলস। এ দু’জন স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করেন।

ইমরুল ২৯ বলে ২টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২৪ রান। স্যামুয়েলস ২৪ বলে ৮টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়ে ৪২ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিল্ডিংয়ের সিদ্ধান্তের যথার্থ ব্যবহার করলো নুয়ান কুলাসেকারা।

চার উইকেট শিকার করেন এই লঙ্কান পেসার। যার মধ্যে রংপুরের প্রথম তিন ব্যাটসম্যানই তার শিকার। সিমন্স, সৌম্য, মিঠুনের পর সেনানায়েকেও ফেরেন তার বলে।

আজকের ম্যাচে অনুপস্থিত সাকিব গত ম্যাচগুলোতে শুধু বল হাতেই নয় ব্যাটিংয়েও শেষ দুই ম্যাচে করেছেন ৩৩ ও ২৪ রান। এর মধ্যে গতকাল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে করা ৩৩ রান ছিলো দলীয় সর্বোচ্চ।

সেই ম্যাচটিতেই আম্পায়ারের সাথে অসদাচরণের দায়ে একম্যাচ নিষিদ্ধ আর ২০ হাজার টাকা জরিমানা করা হয় রংপুরের মূল নায়কের। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের মিসবাহ উল হক।

সাকিবের নেতৃত্ব ও উপস্থিতির অভাবটা বড়ই প্রকট হয়ে উঠেছে মাশরাফির কুমিল্লার বিপক্ষে। ২৮ রান যেখানে দলীয় সর্বোচ্চ আর দ্বিতীয়তে ১১ রান তখন ব্যাটিং বিপর্যয়ের উল্লেখে যুৎসই শব্দ খুঁজে পাওয়াও দুষ্কর। এই আসরে রংপুর রাইডার্সের সর্বনিম্ন স্কোর এই ম্যাচে।

বাংলাদেশের উদীয়মান তারকা আবু হায়দারের দুই উইকেট শিকারের পাশে একটি করে উইকেট নিয়েছেন সুনিল নারায়ণ এবং আশার জায়িদি।

রংপুরকে হারিয়ে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ শেষে রংপুরেরও পয়েন্ট ৬। তবে, রান রেটে পিছিয়ে তারা নেমে গেছে দুই নম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত