২৭ নভেম্বর, ২০১৫ ১৯:২২
দেখতে দেখতে পার হলো একটি বছর। ফিল হিউজের মৃত্যুদিনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার গোলাপী বলের ডে-নাইট টেস্টের ঐতিহাসিক দিনে তাকে স্মরণ করে ক্রিকেটার সহ দর্শকেরা।
অ্যাডিলেড ওভালে এ ম্যাচে কালো আর্মব্র্যান্ড পরে মাঠে নামেন স্মিথ-ওয়ার্নাররা। আর হিউজ স্মরণে গ্যালারিতে দর্শকরা তার ছবি সংবলিত পোস্টার উঁচিয়ে ধরেন।
গত বছরের ২৭ নভেম্বর হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অজি ক্রিকেটার ফিল হিউজ। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও তাকে ভুলে যাননি কেউ।
গত বছরের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করার সময় নিউ সাউথ ওয়েলসের সিন অ্যাবোটের একটি বাউন্সি বল মাথায় আঘাত হানলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর সিডনির হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে দু’দিন কোমায় থাকার পর ২৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান হিউজ। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বেই শোকের আবহ বিরাজ করে।
২৫ বছর বয়সী হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তিন ফরম্যাটে তাঁর সংগ্রহ ১৫৩৫, ৮২৬, ৬ রান। টেস্টে ৩টি ও ওয়ানডে ক্রিকেটে ২টি শতক হাঁকান প্রয়াত এ বাঁহাতি ব্যাটসম্যান।
আপনার মন্তব্য