২৯ ডিসেম্বর, ২০১৫ ০৮:৫৬
ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার আর লুইস সুয়ারেসকে অসাধারণ খেলোয়াড় বলে মানছেন চাভি এর্নান্দেস। তবে এদের কেউই লিওনেল মেসির মানের নন বলে মনে করেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
গত অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে, মেসি-রোনালদোর মধ্যে কে সময়ের সেরা ফুটবলার।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা চাভি পর্তুগিজ ক্রীড়া দৈনিক রেকর্ডকে বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার ও সুয়ারেস অসাধারণ, অবিশ্বাস্য খেলোয়াড়; কিন্তু তারা মেসির নিচে আছে।
“এখন আক্রমণ আর ড্রিবল করা আরও কঠিন। খেলোয়াড়রা বেশি শারীরিক খেলা খেলে। …লিও জায়গা তৈরি করে, গোল করে এবং প্রত্যেক ম্যাচেই পার্থক্য গড়ে দেয়।
সাম্প্রতিক সময়ে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের লড়াই মূলত হয়ে আসছে মেসি আর রোনালদোর মধ্যে। গত সাত বছরে পুরস্কারটি এই দুজনই ভাগাভাগি করে নিয়েছেন। এর মধ্যে মেসি জেতেন চারবার, রোনালদো তিনবার।
অনেকে মনে করেন, ক্যারিয়ারে ফুটবলের ব্যক্তিগত এই পুরস্কার চাভিও পেতে পারতেন। তবে চাভি বললেন ভিন্ন কথা।
“আমি কখনও নিজেকে পুরস্কারটির যোগ্য মনে করিনি। অনেকে আমাকে বলে, আমি পেতে পারতাম। কিন্তু ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আছে। তার জেতাই স্বাভাবিক।”
আপনার মন্তব্য