স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৬ ০০:১৪

১০ মাস পর মেসির হ্যাটট্রিক

বার্সেলোনা-৪ : গ্রানাডা-০

দুর্বল গ্রানাডার বিপক্ষে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার এই ম্যাচে গ্রানাডাকে ৪-০ গোলে হারাতে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি, আর অপর গোলটি করেন নেইমার।

এই জয়ের ফলে আতলেতিকো মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল লুইস এনরিকের দল।

সব প্রতিযোগিতা মিলে ১০ মাসের বেশি সময় পর হ্যাটট্রিক পেলেন মেসি। তার শেষ হ্যাটট্রিক ছিল ২০১৫ সালের ৮ মার্চ; লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটা তার ৩৬তম হ্যাটট্রিক।

শনিবার (৯ জানুয়ারি) ক্যাম্প নউয়ে ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের ভেতর থেকে আরদা তুরানের বাড়ানো বলে শুধু টোকার দরকার ছিল মেসির। মেসি তাই করলেন এবং গোল।

এরপর ব্যবধান বাড়াতেও সময় নেননি মেসি। গোলের কারিগর অবশ্য নেইমার আর সুয়ারেস। নেইমার বাঁ দিক থেকে বল বাড়িয়েছিলেন সুয়ারেসকে। উরুগুয়ের এই তারকা প্রথম ছোঁয়াতেই বল বাড়ালেন মেসিকে। কাছ থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দিতে কোনো ভুল হয়নি তার।

৩৬তম মিনিটে গোল পেতে পারতেন নেইমারও। ডি-বক্সে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠাতে চেয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। বল চলে গেল ক্রসবারেরও উপর দিয়ে।

তিন মিনিট পর বার্সেলোনাকে গোলবঞ্চিত করেন গ্রানাডার দরিয়া। সুয়ারেস-নেইমারের দুর্দান্ত আক্রমণটা তার জন্যই সফল হতে পারেনি। বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা মেসির কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত করেন এই ডিফেন্ডার।

বিরতির তিন মিনিট আগে রাকিতিচের বাড়ানো বল থেকে নেইমারের জোরালো শট সাইড নেটে লাগে।

বিরতির পর বার্সেলোনার গোল আর মেসির হ্যাটট্রিক পেতে বেশি সময় লাগেনি। ৫৮তম মিনিটে সের্হিও রবের্তোর দারুণ বাড়ানো বল ধরে খুব কাছ থেকে শট নিয়েছিলেন নেইমার। বল ফিরে এল বারে লেগে। ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকটা তুলে নিলেন মেসি।

অনেকবার গোলের সুযোগ হারানোর পর ৮৩তম মিনিটে অবশেষে গোল পান নেইমার। দানি আলভেসকে পাস থেকে বল জালে জড়ান নেইমার।

লা লিগায় নেইমারের এটা পঞ্চদশ গোল। সতীর্থ সুয়ারেসের সঙ্গে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।

দারুণ এই জয়ে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ফিরল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪১।

আপনার মন্তব্য

আলোচিত