স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ১৭:৪৭

শুধু সৌম্যর জন্য বিশেষ হেলমেট!

ফিলিপ হিউজের কথা নিশ্চয়ই মনে আছে সবার। ক্রিকেট মাঠের ট্রাজেডি হয়ে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আউট হয়ে ফিরতে পারতেন সাজঘরে। কিন্তু প্রতিপক্ষ নিউ সাউথ ওয়েলসের বোলার শন অ্যাবটের বল গিয়ে আঘান হেনেছিল হিউজের ঘাড় ও মাথার মাঝে। মৃত্যুর সাথে দুদিন লড়াই করে অবশেষে ২০১৪ সালে ২৭ নভেম্বর জীবনযুদ্ধে হার মানেন হিউজ।

এরপর থেকেই হেলমেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করে সবাই। দ্রুতই নতুন একটি ফরম্যাট আবিষ্কার হয়ে যায়। কান, মাথা এবং ঘাড়ের পাশে যে জায়গাটা ফাকা থাকে, নিরাপত্তার জন্য সেখানে আলাদা একটা অংশ বসিয়ে হেলমেট তৈরি করা হয়। বিশ্বের অনেক ক্রিকেটারকেই ইতোমধ্যে এই হেলমেট পড়ে খেলতে দেখা গেছে। অবশেষে দেখা গেল বাংলাদেশেও।

তবে বাংলাদেশের সব ব্যাটসম্যানের হেলমেটে বিশেষ ওই অংশ নেই। শুধু ওপেনার সৌম্য সরকারের হেলমেটে দেখা মিলল ওই অংশটুকুর। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিশেষ এই হেলমেট পড়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশ ওপেনার। তার কিটসের (হেলমেট, প্যাড, ব্যাট, গ্লাভস) যে স্পন্সর কোম্পানি আছে এসএস, তারাই সৌম্যর জন্য বিশেষ এই হেলমেট সরবরাহ করেছে।

বিশেষ হেলমেটের মতো ইনিংসেও আলাদা সৌম্যকে দেখা গেছে। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও ক্রমেই বিধ্বংসী হয়ে ওঠেন বাঁহাতি এই তরুণ ব্যাটসম্যান। ৪৩ রানের ইনিংস খেলতে বল খরচা করেছেন ৩৩টি। এর মধ্যে চার ৪ ও তিন ৬ হাঁকিয়েছেন। অর্থাৎ ৪৩ রানের ইনিংসে ৩৪ রানই বাউন্ডারি থেকে নিয়েছেন বাংলাদেশের হয়ে তিন টেস্ট, ১৬ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা ড্যাশিং এই ওপেনার।

আপনার মন্তব্য

আলোচিত