২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১০:৪৩
লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেসের বার্সেলোনাকে ঠেকাতে পারলোনা আর্সেনাল। মেসির জোড়া গোলে এমিরেটস স্টেডিয়াম থেকে ২-০ গোলের দারুণ জয় নিয়ে ফিরেছে শিরোপাধারীরা। এমএসএন ত্রয়ীর অন্য দুইজন নেইমার-সুয়ারেস গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে খেলেছেন দারুণ।
মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মেসি দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে।
সাম্প্রতিক ফর্ম, ইতিহাস সবই বার্সেলোনার পক্ষে ছিল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত স্পেনের অন্যতম সেরা দলটির বিপক্ষে নিজেদের মাঠে প্রতি-আক্রমণ নির্ভর রক্ষণাত্মক ফুটবল খেলে আর্সেনাল।
গোলের জন্য মরিয়া বার্সেলোনাকে কয়েকবার প্রতি-আক্রমণে কাঁপিয়েও দেয় আর্সেনাল। কিন্তু হাভিয়ের মাসচেরানো, মার্ক-আন্দ্রে টের স্টেগেনদের প্রতিরোধ ভাঙা সম্ভব হয়নি। কখনও ডিফেন্ডার মাসচেরানো দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন, কখনও দলের ত্রাতা হয়ে উঠেন জার্মান তরুণ গোলরক্ষক টের স্টেগেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি-নেইমার-সুয়ারেস ত্রয়ীর নৈপুণ্যে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। সেবার কোনোমতে বেঁচে যায় আর্সেনাল।
একই মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করা বার্সেলোনা এগিয়ে যেতে পারত শুরুতেই। ৪৯তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে গোল করতে পারেননি ব্রাজিলের অধিনায়ক নেইমার। ৬৬তম মিনিটে মেসির একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন পের মের্টেসাকার।
৭১তম মিনিটে আর ঠেকানো যায়নি আর্জেন্টিনার অধিনায়ককে। মেসির এই গোলে দারুণ অবদান রয়েছে নেইমারের। আক্রমণের সূচনা করেন ব্রাজিলের অধিনায়কই। নিজেদের অর্ধ থেকে তিনি বাঁ দিকে সুয়ারেসকে বল বাড়িয়েই দ্রুত এগিয়ে যান ডি-বক্সের দিকে। বল ফেরত পেয়ে নিজে শট না নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে পাঠান ডানে থাকা মেসিকে। বা পাঁয়ের প্রথম ছোঁয়ায় পেতর চেককে ধোঁকা দিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
৭৮তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের শট বারে লেগে ফিরে। তবে বার্সেলোনার দ্বিতীয় গোল পেতে বেশি সময় লাগেনি।
ম্যাথিউ ফ্লামিনি অযথাই মেসিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৩তম মিনিটে তার দ্বিতীয় গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
যোগ করা সময়ে নেইমারের হেড দারুণ দক্ষতায় ফেরান গোলরক্ষক চেক।
নিজেদের মাঠে এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির জন্য শেষ আটে যাওয়ার পথ অনেক কঠিন হয়ে গেল।
অসাধারণ খেলতে থাকা বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভবই আর্সেন ভেঙ্গারের দলের জন্য।
বায়ার্ন মিউনিখ ও ইউভেন্তুসের মধ্যে দিনের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
আপনার মন্তব্য