স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট, ২০১৬ ১১:৪৫

‘মোস্তাফিজ হচ্ছে বেকহাম, টেন্ডুলকারের মতো’

অনেক স্বপ্ন নিয়েই বিস্ময়বালক মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ইংলিশ ক্লাব সাসেক্স। কিন্তু দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ইনজুরির কারণে আর মাঠে নামা হয়নি কাটার মাস্টারের।

সাসেক্সের হয়ে আর খেলতে পারছেন না মোস্তাফিজ। তবু থেমে নেই সাসেক্সের মোস্তাফিজ বন্দনা। সাসেক্স দলের প্রধান নির্বাহী জ্যাক টোমাজি এবার মোস্তাফিজকে তুলনা করলেন বেকহাম, টেন্ডুলকার, গেইল সঙ্গে।

সাসেক্সের প্রধান নির্বাহী জ্যাক টোমাজি বলেছেন, “মোস্তাফিজ সত্যিই অবিশ্বাস্য। সে এমন একজন মানুষ যে ডেভিড বেকহামের মত। সে এমন একজন যে কিনা শচিন টেন্ডুলকার, ক্রিস গেইলদের মত। সে আসলেই ওই উচ্চতার দাবিদার এবং একজন সত্যিকারের সুপারস্টার।”

ইনজুরি আক্রান্ত মোস্তাফিজের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন সাসেক্সের প্রধান নির্বাহী। তিনি বলেন, “আমরা মোস্তাফিজের চিকিৎসার জন্য সবকিছু করতে প্রস্তুত। মোস্তাফিজ এখন আমাদের এখানে আছে। বিসিবি যদি আমাদেরকে কিছু করতে বলে, তবে আমরা তা অবশ্যই করব। বিসিবির লোকেরা দারুণ, তারা আসলেই অসাধারণ।”

সাসেক্সের সিইও আরও বলেন, “মোস্তাফিজের প্রতিভা সম্পর্কে আইপিএলেরও অনেক আগে থেকেই আমরা জানতাম এবং সেজন্যই তাকে দলে ভেড়াতে কোন দ্বিধা করিনি। আমাদের কোচিং স্টাফরা অন্যান্য কোচের সহযোগিতায় এবং আইসিসির ওয়েবসাইটে তাঁর পরিসংখ্যান দেখে তাঁকে চিহ্নিত করেন।  তারা বেশ কিছু বোলারকে পর্যবেক্ষণ করার পর আমাকে জানান যে, এই ছেলেটা (মোস্তাফিজ) স্পেশাল, তাই আইপিএলের আগেই আমরা তাঁকে দলে নেই।”

সামনের মৌসুমেও মোস্তাফিজকে দলে পেতে চায় সাসেক্স। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নস ট্রফির পরই তারা মোস্তাফিজকে তাদের হয়ে ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলাতে চায়।

আপনার মন্তব্য

আলোচিত