০৫ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৩
ওয়েস্ট ইন্ডিজ থেকে রীতিমতো হোমওয়ার্ক করেই বাংলাদেশে এসেছেন কোর্টনি ওয়ালশ। টাইগারদের নিয়ে পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তিনি। তাসকিন-মুস্তাফিজ-আল আমিনদের বোলিং লাইন আপটাকে বিশ্বসেরাদের পর্যায়ে নিয়ে যেতে চান তিনি।
শনিবার ঢাকায় আসার পর রোববার মাশরাফিদের দায়িত্ব তুলে নিলেন তার সময়ের কিংবদন্তী পেসার ওয়ালশ। রোববার মুখোমুখি হলেন গণমাধ্যমের সামনে।
জানালেন বাংলাদেশকে পেস নির্ভর একটি দল হিসেবে গড়ে তোলাটাই তার লক্ষ্য। কেবল বোলিংয়েই নয় নিজের সমস্ত অভিজ্ঞতা দিয়েই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ওয়ালশ।
এই ক্যারিবীয় কিংবদন্তী বলেন, ‘আমার মূল লক্ষ্য হলো, বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যখন চুক্তির মেয়াদ শেষ হবে, তখন বাংলাদেশ দলকে বিশ্বের অন্যতম সেরা পেস নির্ভর দল হিসেবেই দেখতে চাই আমি।’
নিজের কথার পেছনে যুক্তি দিতে গিয়ে ওয়ালশ বলেন, ‘আমি সবারই খেলা দেখেছি। এই দলটিতে বেশ কিছু সম্ভাবনাময় তরুণ পেস বোলার রয়েছে। তাদের নিয়ে সঠিকভাবে কাজ করতে পারলে আমার বিশ্বাস, এরাই একদিন বিশ্বসেরা হয়ে উঠবে।’
ঠিক কোন পদ্ধতিতে এগুবেন সেটা স্পষ্ট করে না জানালেও ওয়ালশ বলেন, ‘অনেক বছর ধরে আমি খেলেছি। আমার অর্জিত সেই অভিজ্ঞতাটা এখানে কাজে লাগবে। আশা করি সম্মিলিত চেষ্টার ফলেই দলে দুর্দান্ত একটা পেস স্কোয়াড গড়ে উঠবে।’
আপনার মন্তব্য