০৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪২
প্রস্তুতিম্যাচে মালদ্বীপের সঙ্গে বিশাল ব্যবধানে পরাজয়ের ধকল সামলে উঠতে পারে নি বাংলাদেশ। এবার এএফসি কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফের প্রথম পর্বে তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষেও জিততে পারল না সেইন্টফিটের শিষ্যরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ভালো খেলেও গোলের দেখা পায় নি বাংলাদেশ। ষোড়শ মিনিটে ডানপ্রান্ত থেকে রুবেল মিয়ার মাপা ক্রসে বক্সের মধ্যে থাকা খেলোয়াড় খুব কাছ থেকে বলে পা ছোঁয়ালেও তা পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
১৯তম মিনিটে ভুটান প্রথমার্ধে তাদের সবচেয়ে ভালো সুযোগটি পায়। তবে বক্সের মধ্যে ফাঁকায় বল পেলেও গোল করতে পারেনি দেশটির আক্রমণভাগের এক খেলোয়াড়।
এর তিন মিনিট পর ডানপ্রান্ত থেকে রুবেল মিয়ার ক্রসে বক্সের মধ্যে হেড করেছিলেন সোহেল রানা। ঘরোয়া ফুটবলে বিজেএমসির এই খেলোয়াড়ের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক।
৩৭তম মিনিটে বক্সে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় শটই নিতে পারেননি রুবেল।
দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় ফিফা র্যাঙ্কিংয়ের ১৯২তম স্থানে থাকা ভুটান। অন্যদিকে প্রথমার্ধের ছন্দটা দ্বিতীয়ার্ধে আর ধরে রাখতে পারেনি র্যাঙ্কিংয়ে ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ।
৬৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভুটান। বক্সের ঠিক উপরে ভুটানের এক খেলোয়াড়কে ফাউল করেন আবদুল্লাহ। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি ভুটান।
৮০তম মিনিটে দ্রুত গতিতে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ভুটানের এক খেলোয়াড়। তবে তপু বর্মনের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ।
৯০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু ৬ গজ বক্সের মধ্য থেকে কিকই নিতে পারেননি সেখানে থাকা বাংলাদেশের খেলোয়াড়।
যোগ করা সময়েও তিন তিনটি সহজ সুযোগ মিস করেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। এর মধ্যে সহজতম সুযোগটি পান নাবীব নেওয়াজ জীবন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার দুর্বল হেড সরাসরি ভুটানের গোলরক্ষকের হাতে গিয়ে পড়ে।
ভুটানের থিম্পুতে দ্বিতীয় পর্বের ম্যাচটি হবে আগামী ১০ অক্টোবর।
আপনার মন্তব্য