১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৫
বাঘের দেশেই নিজের শততম টেস্টটি খেলতে আসছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ডেইলি মেইলকে ব্রড বলেন, ‘এটা (বাংলাদেশ সফর) খুবই কঠিন একটি সিদ্ধান্ত তবে আমি বাস্তবতা মেনে নিয়েছি। বাংলাদেশ সফরে জন্য আমি প্রস্তুত।’ কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের প্রতিটি জায়গাতেই এখন ঝুঁকি রয়েছে। এটাই এখন কঠিন বাস্তবতা।’ যদিও সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল ইসিবির নিরাপত্তা বিষয়ক দলের প্রতিবেদনের প্রতি আস্থা আছে তার।
তিনি আরো বলেন, ‘বোর্ড আমাদের সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করেছে। আমি রেগকে (ডিকাসন) অনেক দিন ধরে চিনি। তিনি আমাদের নিশ্চিত করেছেন। আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েই বাংলাদেশ সফরে যাচ্ছি আমি।’
মন না চাইলেও বাংলাদেশ সফরে আসতে হবে কারণ ইসিবি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, বাংলাদেশ সফরে না আসতে দল থেকে বাদ পড়তে পারেন ইংলিশ ক্রিকেটাররা। তারপরও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হতে পেরে এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইয়ন মরগান। তবে মরগানের মতো অতোটা সাহসী নন স্টুয়ার্ট ব্রড।
অ্যান্ডারসন, ফিন, উকস, ক্রিস জর্ডান, উইলি, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ইংল্যান্ড জাতীয় দলে এখন পেসারদের ছড়াছড়ি। তাই একবার জায়গা হারালে দলে ফেরাটা কঠিন, এটা বোঝেন স্টুয়ার্ট ব্রড। বাস্তবতাও এমন যে, সন্ত্রাসবাদের কালো থাবা থেকে এখন আর মুক্ত নয় কোনো দেশই। ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও হরহামেশাই চলছে সন্ত্রাসী আক্রমণ। আর এই বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশ সফরে আসছেন ব্রড।
আগামী ১৬ সেপ্টেম্বর সফরের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সূত্র: ডেইলি মেইল
আপনার মন্তব্য