২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৫৮
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সিলেট পর্বের মাঠের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের অব্যবস্থাপনা কাটিয়ে বিপিএলের আয়োজন নির্বিঘ্ন করার ব্যাপারে উদ্যোগী আয়োজকরা। অপরদিকে অংশগ্রহণকারী সকল দলই চায় ভালো করতে।
শুক্রবার উদ্বোধন হওয়ার পর সিলেট স্টেডিয়ামে আজ (রোববার) থেকে শুরু হবে মূল লড়াই। বিপিএলের সিলেট পর্বে ছয় দিনে হবে ১২টি ম্যাচ। আজ ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সিলেট পর্ব। বিকাল সাড়ে ৪টায় ওই ম্যাচের পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আবাহনী লিমিটেড মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্রের।
মাঠে নামার আগে শনিবার অনুশীলনে ঘাম ঝড়িয়েছে অংশগ্রহণকারী দলগুলো। প্রত্যয় ব্যক্ত করেছে জয়ের।
বিপিএলের পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে এক জয় আর পাঁচ ড্র-এ ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তবে সিলেটে খেলতে এসে দলটির চিন্তায় শুধুই ‘জয়’। আজকের ম্যাচ সামনে রেখে দলটির অধিনায়ক ইবায়েদ হোসেন কমল বললেন, ‘আমরা ভালো খেলতে চাই। জয়ের জন্যই খেলতে চাই’।
ব্রাদার্সের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি রয়েছে বেশ সুবিধাজনক অবস্থানে। ৭ ম্যাচে চার জয় আর তিন ড্র-এ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলটিও জয় ভিন্ন কিছু ভাবছে না। তবে লিগে এখনো অপরাজিত থাকা দলটির কোচ লারস গুরান স্তেফান খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তিত। তার মতে, ‘খেলোয়াড়দের ফিটনেসে কিছুটা সমস্যা রয়েছে। তথাপি আমরা ভালো ফুটবল খেলতে চাই। সিলেটের মাঠের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। তবে আমরা জয় চাই।’
এদিকে সন্ধ্যায় সাড়ে ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। লিগে ৭ ম্যাচে চার জয় আর তিন ড্র-এ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আবাহনীর। সর্বশেষ ম্যাচে ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার সুখস্মৃতি নিয়ে দলটি সিলেটে পা রেখেছে। তবে সিলেটে অনুশীলনের মাঠ নিয়ে চরম অসন্তুষ্ট দলটির কোচ জর্জ কোটান, ‘অনুশীলনের জন্য যে মাঠ আমরা পেয়েছি, তা প্রত্যাশিত নয়।’
প্রতিপক্ষের প্রতি সমীহ রেখেই জয়ের কথা বললেন আবাহনী কোচ, ‘শেখ রাসেল ভালো দল। তবে আমরা জয়ের জন্যই খেলবো।’
লীগে একেবারে তলানিতে অবস্থান শেখ রাসেলের। ৭ ম্যাচে ছয় হারের বিপরীতে সাকুল্যে একটিমাত্র ড্র-এ এক পয়েন্ট নিয়ে সবার নিচে পড়ে আছে দলটি। শফিকুল হক মানিকের দলটি তাই জয়ের ব্যাপারে তেমন আশাবাদী নয়। মানিকের ভাষায়, ‘আমরা বড় দল। কিন্তু লিগে যে পর্যায়ে আমাদের অবস্থান, সেখান থেকে ঘুরে দাঁড়াতে অবশ্যই সর্বোচ্চ ভালো ফুটবল খেলতে হবে; কোনোরকম ভুল করা যাবে না।’
বিপিএলের সিলেট পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। বৃষ্টির বাধা আর অব্যবস্থাপনায় কারণে এই আয়োজনের উদ্বোধনী দিনেই দেখা দিয়েছে শঙ্কা।
বিপিএলের সিলেট পর্বে প্রতিদিন থাকছে দুটি করে ম্যাচ। মধ্যখানে ২৮ অক্টোবর বিরতি দিয়ে আজ থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ।
আয়োজকরা জানিয়েছেন, খেলা আয়োজনের জন্য প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়াম। প্রতিটি খেলায় বিপুল দর্শক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম। সংক্ষিপ্ত সময়ে আয়োজন ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্বোধনী দিনে কিছু অব্যবস্থাপনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দিন থেকে এসব সমস্যা আর হবে না।
তিনি জানান, বিপিএলের সিলেট পর্বে প্রতি ম্যাচে দর্শকদের জন্য ২১ হাজার করে টিকেট প্রস্তুত রাখা হয়েছে। ৫০ টাকা দামের সাধারণ গ্যালারির টিকেট দিয়ে দিনের দুটি ম্যাচই উপভোগ করতে পারবেন দর্শকরা।
আপনার মন্তব্য