ক্রীড়া প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৯

প্রথম ৬ ওভারে ৪৯ রান দিয়ে উইকেট শূন্য, শেষ দুই ওভারে ১০ রানে ৪ উইকেট!

প্রথম দুই স্পেলে ৬ ওভার বল করে ৪৯ রান দিয়েছিলেন, ২/১টি ভালো বল বাদ দিলে বেশিরভাগই ছিল আলগা, অতিরিক্ত বাউন্স আদায় করতে গিয়ে খেই হারিয়েছেন। দেখে বোঝাই যাচ্ছিল ছন্দে ফিরতে বেশ বেগ পেতে হচ্ছে তাসকিনকে।

তবে শেষ স্পেলের দুই ওভারে আমূল বদল। সেই আগের মত গতি, ক্ষিপ্রতা আর একুরেসি নিয়ে ছুটলেন তাসকিন। ম্যাচের শেষ ওভারগুলো করতে এসে মাত্র ১০ রান খরচায় তোলে নিলেন ৪ উইকেট। নাটকীয় প্রত্যাবর্তনই বটে।

বোলিং অ্যাকশনের কারণে সাময়িক নিষিদ্ধ থাকার সময়ে কোন ওয়ানডে মিস করেননি, কারণ এই সময়ে বাংলাদেশের কোন ওয়ানডে ম্যাচই ছিল না। মিস করেছেন কেবল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সে হিসেবে এটাকে প্রত্যাবর্তন বলা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। তবে তার ছোট্ট ক্যারিয়ারের উপর যে বিশাল ঝড় বয়ে গেছে সেটা বিবেচনায় নিলে অবশ্যই এটা প্রত্যাবর্তন। আর সেই প্রত্যাবর্তণ মঞ্চে নাটকীয় উলটপালটের গল্প রচনা করলেন বাংলাদেশের তরুণ এই পেসার।

৬-০-৪৯-০  এর পর ৮-০-৫৯-৪। এই দুই ফিগারই বলে দিচ্ছে কতটা বাক বদল ঘটিয়ে ম্যাচের মোড় ঘরিয়ে দিয়েছেন তিনি। তাসকিনের এই নাটকীয় প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশ ৭ রানে আফগানিস্তানকে হারিয়েছে। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও নিজেকে নতুন করে চেনানোর রসদ পাওয়ার ম্যাচ হিসেবেই এটিকে মনে রাখতে পারেন তাসকিন।

আপনার মন্তব্য

আলোচিত