ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০৬

মাশরাফি-সাকিব-তামিম: এক ম্যাচেই রেকর্ডের চূড়ায় তিনজন

এক ম্যাচেই বাংলাদেশ দলের তিন সিনিয়র ক্রিকেটার তিনটি আলাদা রেকর্ডের চূড়ায় বসলেন। তিনটিই অবশ্য বাংলাদেশ কেন্দ্রিক।

রোববার আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক এখন মাশরাফি। তিন সংস্করণ মিলিয়েই বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দেয়া অধিনায়ক তিনি। মাশরাফির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এটি ৩১তম জয়। ছাড়িয়ে গেলেন তিনি হাবিবুল বাশারকে। সাবেক অধিনায়ক ও এখনকার অন্যতম নির্বাচক অধিনায়ক হিসেবে স্বাদ পেয়েছেন ৩০টি জয়ের।

ওয়ানডেতে আব্দুর রাজ্জাককে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট (২০৮*) শিকারের মাধ্যমে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই প্রথম ক্রিকেটার হিসেবে দেশের সর্বোচ্চ উইকেট শিকারীর অনন্য চূড়ায় বসলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পৃথিবীর আর কোন ক্রিকেটারের এমন অর্জন নেই।

আর একই দিনে  বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। ৮০ রানের ইনিংস খেলার পথে এই চূড়া স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাটেই আলাদাভাবে সর্বাধিক রান ও সর্বোচ্চ ইনিংসেরও মালিক তামিম।  



আপনার মন্তব্য

আলোচিত