১৪ অক্টোবর, ২০১৬ ১২:২৩
মূল ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার সাথে পুরানো এমএ আজিজ স্টেডিয়ামের আকাশ পাতাল তফাতের চিত্র টের পাওয়া গেল শুক্রবার সকালে। বিসিবি ও ইসিবি একাদশের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি।
সকালে চট্টগ্রামে বৃষ্টি হল আর তাতেই আউটফিল্ডে জমে গেল প্রায় হাঁটু পানি। ম্যাচ রেফারি আউটফিল্ড দেখে সাথে সাথে খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন।
জাতীয় গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আবদুল বাতেন বলেন, ‘সকালের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় আজকের খেলা হচ্ছে না। এ মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই দুর্বল হওয়ায় মাঠ শুকাতে দেরি হচ্ছিল। তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। শনিবার ম্যাচের শেষদিন দু’দলই ৪৫ ওভার করে মোট ৯০ ওভারের ম্যাচ খেলবে।’
আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। তার আগে আরেকটি দু’দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর শুরু) শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে সফরকারীরা।
আপনার মন্তব্য