০৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৫
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে কিউইরা। জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে শুরুর বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর পায় বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য বেঁধে দেয় টাইগাররা।
১৪২ রান তাড়া করতে গিয়ে ৪৮ রানেই ৩ উইকেটে হারিয়ে বসে স্বাগতিকরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৩ রানের দায়িত্বশীল ইনিংসে ছয় উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
ব্যাটিং করতে নেমে দলীয় ২২ রানে আউট হন নেইল ব্রুম। রুবেলের বলে সাকিবের দুর্দান্ত ক্যাচের প্যাভিলিয়নে ফেরেন ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটসম্যান। এরপর বল হাতে নিয়েই উইকেট পান মুস্তাফিজুর রহমান। কলিন মুনরোকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী করেন কাটার মাস্টার।
এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে জুটি বাধেন কোরে অ্যান্ডারসন। দলীয় ৪৬ রানে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে তামিমের তালুবন্দী হন অ্যান্ডারসন।
দলীয় ৬২ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। রান আউট হন টম ব্রুস। এরপর পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করে দলকে জয় এনে দেন কেন উইলিয়ামন ও কলিন গ্রান্ডহোম। ২২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন গ্রান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৮ (তামিম ১১, ইমরুল ০, সাব্বির ১৬, সাকিব ১৪, সৌম্য ০, মাহমুদউল্লাহ ৫৩, মোসাদ্দেক ২০, মাশরাফি ১, নুরুল ৭*, রুবেল ২*; হুইলার ২/২২, হেনরি ১/৪৪, ফার্গুসন ৩/৩২, ডি গ্র্যান্ডহোম ১/২৩ স্যান্টনার ১/২০)।
নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৪৩/৪ (ব্রুম ৬, উইলিয়ামসন ৭৩*, মানরো ০, অ্যন্ডারসন ১৩, ব্রুস ৭, ডি গ্র্যান্ডহোম ৪১*; সাকিব ১/৩০, মাশরাফি ০/২২, রুবেল ১/৪৩, মুস্তাফিজ ১/২১, মোসাদ্দেক ০/৯, সৌম্য ০/১৮ )।
আপনার মন্তব্য