১১ অক্টোবর, ২০১৭ ১১:৪৫
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি পরিবর্তন করেছে বিপিএল কমিটি।
জানানো হয়েছে আবারো বিপিএল শুরুর নতুন তারিখ। পুরনো সূচি অনুযায়ী বিপিএল শুরুর তারিখ ছিল ৩ নভেম্বর। পরিবর্তিত সূচি অনুযায়ী বিপিএল শুরুর নতুন তারিখ ৪ নভেম্বর।
সোমবার (৯ অক্টোবর) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নতুন দল সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
এবার মোট তিনটি ভেন্যুতে সাতটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএল। নতুন ভেন্যু হিসাবে এবার যুক্ত হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।
মূলত বিপিএল শুরুর নির্ধারিত তারিখ ছিল ৪ নভেম্বর। প্রতি বছরই এই তারিখে বিপিএল শুরু করা হয়। তবে এবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগের কারণে দুই দিন আগানো হয়েছিল। পরে তা পেছানো হয়েছিল একদিন। শেষ পর্যন্ত ৪ তারিখে রাখা হয়েছে বিপিএলের শুরুর তারিখ।
প্রসঙ্গত, এছাড়া বিপিএলো উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল ৩১ অক্টোবর। কিন্তু বিপিএল শুরুর সময় ঢাকায় কমনওয়েলথ ইন্টার পার্লামেন্টারি কমিশনের একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে কারণে, পরে সিদ্ধান্ত নেয়া হয় বিপিএল শুরু করা হবে বিভাগীয় শহর সিলেট থেকে।
নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ নভেম্বর। একই সঙ্গে বিসিবি সিদ্ধান্ত নেয়, দেশের অর্ধেকজুড়ে ভয়াবহ বন্যার কারণে এবারও উদ্বোধনী অনুষ্ঠান করা হবে না।সেই নির্ধারিত সূচি পরিবর্তন করে আবারও ৪ নভেম্বর থেকে বিপিএল শুরুর তারিখ ঘোষণা করা হলো। তবে পুরনো সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলের পঞ্চম আসর শুরু হবে সিলেট থেকেই। বিপিএলে নতুন ভেন্যু হিসেবে এবারই প্রথম নাম লেখাতে যাচ্ছে সিলেট। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও এবার বিপিএল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটরস। তৃতীয় আসরে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। এই চারবারের মধ্যে তিনবারই শিরোপা জয়ী দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।
আপনার মন্তব্য