১৩ জুলাই, ২০১৮ ১৮:১২
আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন নেস্তর পিতানা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। আগামী ১৫ জুলাই, মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মধ্যকার ম্যাচে এই আর্জেন্টাইন রেফারির হাতেই থাকছে বাঁশি।
১২ জুলাই, বৃহস্পতিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচের জন্য রেফারির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। সেই তালিকা অনুযায়ী, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৪৩ বছর বয়সী পিতানা।
এর আগে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ওই রেফারি। উদ্বোধনী ম্যাচের পর ফাইনালেও তার সহকারী হিসেবে থাকছেন স্বদেশি হুয়ান পাবলো বেলাতি ও হার্নান মেইদানা। ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন নেদারল্যান্ডসের ব্রিজন কুইপার্স।
এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত চারটি ম্যাচ পরিচালনা করেছেন পিতানা। রাশিয়া ও সৌদি আরবের উদ্বোধনী ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে মেক্সিকো-সুইডেন, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালে ফ্রান্স- উরুগুয়ের ম্যাচ পরিচালনা করেছেন এই আর্জেন্টাইন রেফারি। নিখুঁতভাবে দায়িত্ব পালন করায় ফাইনালে তার ওপরই আস্থা রেখেছে ফিফা।
এর আগে ২০১৪ বিশ্বকাপেও রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন পিতানা। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করা পিতানা এখন পর্যন্ত লিগা আর্জেন্টিনা, কোপা সুদামেরিকানা, কোপা লিবার্তাদোরেস, কোপা আমেরিকা, অলিম্পিক গেমস, কনফেডারেশন্স কাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এখন পর্যন্ত ৩৪২ ম্যাচ পরিচালনা করতে গিয়ে ৪৫ জন খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন পিতানা।
আপনার মন্তব্য