ওসমানীনগর প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২০ ১৫:৪৭

শিপন হত্যা: ৩ মাসেও অধরা মামলার প্রধান আসামি

সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ইশাগ্রাই গ্রামের চাঞ্চল্যকর শিপন হত্যার ৩ মাস অতিবাহিত হলেও হত্যা মামলার প্রধান আসামি জয়নুল হক ধন মেম্বারসহ অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হননি। পুলিশ বলছে, ঘটনার পর থেকে ধন মেম্বার পলাতক থাকার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে অতি দ্রুত ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 

এদিকে হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারের উপর থেকে মামলা তুলে নিতে অব্যাহতভাবে চাপ প্রয়োগসহ ধন মিয়ার পক্ষের লোকজন হুমকিধামকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদি নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া।

মামলার বাদি রিপন মিয়া জানান, ধন মেম্বার পলাতক থেকে গ্রামের বিভিন্ন মানুষকে ফোন করে আমাদের হুমকি দিচ্ছে কিছু দিনের মধ্যে সে এলাকায় এসে আমাদেরকে দেখে নেবে। এ ব্যাপারে ওসমানীনগর থানার নবাগত ওসিকে বিষয়টি অবগত করবো।

রিপন মিয়া আক্ষেপ করে বলেন, ঘটনার দিন কয়েকজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আমার ভাইয়ের হত্যার ৩ মাস হয়ে গেলেও ধন মেম্বারসহ মামলার এজাহারভুক্ত আরও ১৯ আসামিদের আর কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ধন মেম্বার আমার ভাইকে হত্যা করার আগে একাধিকবার হুমকিধামকি দিয়েছিল এমপিসহ অনেক বড় বড় লোক ও তার আত্মীয়। তাদের মাধ্যমে আমাদের উপর হামলা মামলা করাবে শেষ পর্যন্ত আমার ভাই শিপনকে খুন করে ক্ষান্ত হলো ধন মেম্বারসহ তার সহযোগীরা। 

মামলার তদন্ত কর্মকর্তা আমাদেরকে তাগিদ দিচ্ছে আসামিদের লোকেশন দেয়ার জন্য। আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। হত্যাকাণ্ডের একমাস অতিবাহিত হবার পর এলাকাবাসীর ব্যানারে ধন মেম্বারসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত ৪ জুন ঈশাগ্রাই গ্রামে মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হননি।

এ দিকে একটি সূত্র থেকে জানা গেছে, শিপন হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারের কতিপয় কয়েকজন প্রভাবশালী আত্মীয় ওসমানীনগর থানার কতিপয় কয়েকজন পুলিশ অফিসারের সাথে সখ্যতা থাকার কারণে ধন মেম্বার ধরা পড়ছে না। পুলিশ অভিযানে যাবার আগেই আসামি পক্ষ খবর পেয়ে যাচ্ছে। 

এ ব্যাপারে ওসমানীনগর থানার নবাগত ওসি শ্যামল বনিক বলেন, আমি নতুন এসেছি ঘটনা সত্য হয়ে থাকলে আসামি ধরা পড়তেই হবে। কার সাথে কার সম্পর্ক রয়েছে সেটা আমার জানার বিষয় নয় আসামি যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাকে ছাড় দেয়া হবে না। মামলার আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শিপন হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো সময় ধন মেম্বার পুলিশ খাচায় আটকা পরবে কোনো উপায়ে সে পুলিশের হাত থেকে রেহাই পাবে না।

উল্লেখ্য, গত ৬ মে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একই গ্রামের মৃত দরছ উল্যার ছেলে ধন মেম্বারের ছুলফির আঘাতে প্রতিপক্ষ আশিক মিয়ার ছেলে শিপন মিয়া (২৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর দিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে ২৭ জনের নামে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামিসহ ১৯ আসামি পলাতক থাকায় হত্যাকাণ্ডের তিন মাস হয়ে গেলেও আর কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত