নবীগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২০ ২১:৩৭

জাতীয় শোক দিবসে সঠিক নিয়মে পতাকা না টাঙানোয় জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়মে পতাকা টাঙানোয় জরিমানা করে উপজেলা প্রশাসন। এসময় করোনাভাইরাস প্রতিরোধে গন সচেতনতার লক্ষেও অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোড, শেরপুর রোড, মধ্যবাজারসহ পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ও হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।

অভিযানে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম পালন না করে পতাকা টাঙানো ও মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭টি মামলা দেওয়া হয়। এছাড়াও অধিকাংশ ব্যক্তিদের তাৎক্ষনিক মাস্ক ক্রয় করে পরিধানে উদ্বুদ্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, নবীগঞ্জে জাতীয় শোক দিবসে সঠিক নিয়ম না মেনে পতাকা টাঙানো, মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৭ মামলা এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মন্তব্য

আলোচিত