১৬ আগস্ট, ২০২০ ২১:২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জুড়ী উপজেলা যুবলীগ। যুবলীগের আয়োজন পর একস্থানে ব্যানার টানিয়ে শোক দিবস পালনের ফটোসেশন করে জুড়ী উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যুবলীগের সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জুড়ী যুবলীগ। উপজেলা যুবলীগের সভাপতি মামুনূর রশীদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
দোয়া মাহফিলের পর যুবলীগের ব্যানার খুলে একইস্থানে জুড়ী উপজেলা আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। এরপর ফটোসেশন করে সভার সমাপ্তি করা হয়। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগ কোন আলোচনা সভা করেনি। যদি করতো তাহলে আমরা দায়িত্বশীল হিসেবে দাওয়াত পেতাম।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম জানান, আমরা শোক দিবসের অনুষ্ঠান শেষ করার পর আওয়ামী লীগের সিনিয়র নেতারা ব্যানার টানিয়েছেন। পরে আমি নামাজে চলে গেছি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ বলেন, আমরা অনুষ্ঠান করেছি। সভাপতি সাহেব অসুস্থ তাই তিনি আসতে পারেননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন বলেন, আওয়ামী লীগ শোক দিবসের অনুষ্ঠান করেছে। তবে আমি অসুস্থ থাকার কারণে যেতে পারিনি।
এই স্থানে যুবলীগের শোকদিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, জাহাঙ্গীর আলম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস সাত্তার, ডা. আব্দুল হান্নান, সাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য