বানিয়াচং প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২০ ১৭:৩৯

বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

বানিয়াচং উপজেলায় (২০১৯-২০২০) অর্থ বছরে উপজেলা পরিষদের (রাজস্ব উব্দৃত্ত) উন্নয়ন তহবিলের অর্থে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে এই সব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার পরিচালনায়, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

উপজেলার ২৫টি মাধ্যমিক ও ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, ‘বর্তমানে করোনা কালীন সময়ে আমাদের রাজস্ব খাতে আয় কম হয়েছে। তারপরও আমরা এই রাজস্ব আয় থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। আমরা বর্তমানে স্কুলভিত্তিক খেলাধুলার মান উন্নয়নের দিকে বিশেষ নজর রাখছি। যার কারণে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি স্কুলে আমরা ক্রীড়া সামগ্রী বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

পাশাপাশি তিনি খেলাধুলার প্রতি সব ছাত্রদের উৎসাহিত করতে সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আহবান জানান।

ক্রীড়া সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৗশলী আল নূর তারেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলামসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত