১৮ আগস্ট, ২০২০ ২২:৫৬
কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিনড্রাইভ এলাকায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়াকর্, সিলেট’। মঙ্গলবার বিকেলে অনলাইন সভার শুরুতে সিনহা হত্যার ঘটনায় নিন্দা জানানো হয়।
এছাড়া যশোরের একটি শিশু উন্নয়ন কেন্দ্রের ভিতরে তত্ত্বাবধায়কদের গণপিটুনীর মাধ্যমে তিনজন কিশোরকে হত্যা এবং পনেরজনকে আহত করার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয় সভায়।
এতে বক্তারা আরো বলেন, যেকোন ধরনের দুর্নীতি মানবাধিকার লংঘনের ঘটনাকে তরান্বিত করে। সম্প্রতি দেশের স্বাস্থ্যখাত, পুলিশ বিভাগের কিছু দুর্নীতিপরায়ণ সদস্যের দ্বারা সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানি করার সমালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। তাছাড়া সভায় এই করোনাকালে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও গনমাধ্যম তাদের কর্মী ছাটাইয়েরও তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা দেশের আইন বর্হিভুত সকল হত্যাকান্ডের নথিসমুহ বিশ্লেষণ পূর্বক এর বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করারও দাবি করেন। এ অনলাইন সভা চলাকালীন সম্প্রতি এ নেটওয়ার্কের সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী এর মাতা এবং এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীনের ভাবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাছাড়া নেটওয়ার্কের আরেক সদস্য শাবিপ্রবি’র অধ্যাপক আনোয়ারা বেগমের শাশুরীর জন্যও রোগমুক্তি কামনা করা হয়।
‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়াকর্, সিলেট’এর আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেটওর্য়াকের অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট ইরফানুজ্জমান চৌধুরী, শাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, আমিনুল ইসলাম, মিনহাজ সামাদ চৌধুরী, নেটওয়ার্কের সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ এবং ঢাকার সহযোগী সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর নির্বাহী পরিচালক এডভোকেট সাইদুর রহমান, এমএসএফ প্রতিনিধি টিপু সুলতান, তাহেরা বেগম, তানিয়া খাতুন, নাহিদ শামস প্রমূখ। উল্লেখ্য যে, মানবাধিকার ও বিভিন্ন নৃতাত্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর অনুপ্রেরণায় গঠিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, সিলেট’ বিগত ২০১৪ সাল থেকে তার এই মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আপনার মন্তব্য