১৮ আগস্ট, ২০২০ ২৩:৫৮
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক হুইপ ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সোমবার মধ্যরাতে মারা গেছেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক নেমে এসেছে সিলেটের সর্বস্তরের রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপিও। জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান এক শোক বার্তায় বলেন, আজিজুর রহমান ছিলেন একজন মিতভাষী অমায়িক ভদ্রলোক। তিনি আমার মরহুম পিতার (এম সাইফুর রহমান) সাথে চার চারবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু তাদের বিরোধীতা ওই নির্বাচন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এর বাইরে তাদের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান ছিলো। আমার সাথেও তার অত্যন্ত সুসম্পর্ক ছিলো। তার অন্তর্ধানের মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনীতির প্রবীণ নেতাদের শেষ ব্যক্তি চলে গেলেন।
বিজ্ঞাপন
শোকবার্তায় আজিজুর রহমানের পরিবারের প্রতি সহানুভুতি ও সমবেদনা জানান প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ছেলে নাসের রহমান।
প্রসঙ্গত, গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষরকারী আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে ভূষিত হয়েছিলেন।
আপনার মন্তব্য