নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২০ ১৮:৪৩

দুই বছরেও জানা যায়নি হামলাকারী কারা!

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদ আহমদের উপর হামলা মামলার অগ্রগতি নেই

২০১৮ সালের ১৯ আগস্ট রাতে সিলেট নগরীতে হামলার শিকার হন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম. রশীদ আহমদ। ঘটনার পরদিন রশীদের ভাই সিলেটের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের দু'বছর পেরিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার নেই দৃশ্যমান কোনো অগ্রগতিও।

বর্তমানে মামলাটির তদন্ত বর্তেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপর। পিবিআই-এর পরিদর্শক জাহাঙ্গীর আলম এ মামলার তদন্ত করছেন। তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছি। তদন্তাধীন বিষয়ে এরচেয়ে বেশি কিছু বলতে রাজি হননি জাহাঙ্গীর।

স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদ আহমদ সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন। ২০১৮ সালের ১৯ আগস্ট রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় হামলার শিকার হন তিনি। দেশে ও বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন রশীদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রশীদের চিকিৎসায় আর্থিক সহায়তা করেন।

এদিকে, ক্ষমতাসীন দলের একজন নেতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলারও কোনো অগ্রগতি না হওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। হামলার পরই অভিযোগ ওঠে, ক্ষমতাসীন দলেরই আরেকটি গ্রুপ এই হামলার সাথে জড়িত। একারণে আসামিরা চিহ্নিত হচ্ছে না ও ধরা পড়ছে না বলেও অভিযোগ ওঠেছে।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রশীদ আহমদ। তিনি বলেন, হামলার পরদিন আমার ভাই এম. শিব্বির আহমদ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। আসামিদের আমি চিনতে না পারায় কারো নাম উল্লেখ করিনি।

তিনি বলেন, নগরের একটি অভিযান এলাকার সামনে হামলার ঘটনা ঘটেছে। সেখানে সিসি ক্যামেরাও রয়েছে। পুলিশ চাইলে সহজেই আসামিদের চিহ্নিত করা সম্ভব। মামলার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত