ছাতক প্রতিনিধি

২২ আগস্ট, ২০২০ ২২:২৯

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ২০

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে শনিবার (২২ আগস্ট) সকালে একটি শালিস বৈঠক চলাকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর (চান্দেরটিলা) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আব্দুল কাদির, জমির হোসেন, আশিক আলী, সাবিয়া বেগম, মনোয়ারা বেগমসহ ৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর (চান্দেরটিলা) গ্রামের বাসিন্দা ছুরত মিয়া ও একই গ্রামের প্রতিবেশী আশিক আলী পক্ষের মধ্যে বসত-ঘরের চালে ঢিল ছুড়াকে কেন্দ্র করে ৫ দিন পূর্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ঘটনার বিষয়টি নিস্পত্তি করতে শনিবার সকাল ১১টায় গ্রামের আলী হোসেনের বাড়ীতে শালিস বৈঠক বসে। শালিস চলাকালে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার পর উভয় পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ২০জন আহত হয়। পরে স্থানীয় মুরব্বীদের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে সিলেটে ও অন্য আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ওসি মোস্তাফা কামাল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত