২৭ আগস্ট, ২০২০ ০০:১২
নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল বেকারির বিভিন্ন ধরণের খাদ্যপণ্য। এগুলো তৈরিতে ব্যবহার হচ্ছিল পোড়া পাম তেল ও মানবদেহের জন্য ক্ষতিকর নিম্নমানের রং। উৎপাদন হওয়া পণ্যের প্যাকেটে লেখা ছিল অগ্রিম তারিখ। প্রতিষ্ঠানটিতে ছিল না কোনো পণ্যের মূল্য তালিকা।
বুধবার (২৬ আগস্ট) বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের মেসার্স গ্রামীণ বেকারিতে অভিযান চালিয়ে এমন অনিয়ম ধরা পড়ে।
এই অবস্থায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা। অভিযানের সময় বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকার মেসার্স গ্রামীণ বেকারিতে অভিযানকালে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা গেছে। বিভিন্ন পণ্য তৈরি ব্যবহার করা হচ্ছিল পোড়া পাম তেল, মানবদেহের জন্য ক্ষতিকর নিম্নমানের রং। এছাড়া উৎপাদিত পণ্যের প্যাকেটে লেখা ছিল অগ্রিম তারিখ। এসব অনিয়মের অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে অর্থদন্ড দেন। পরে আদালত পোড়া তেল, নিম্নমানের রং জব্দ করে উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা ভ্রাম্যমাণ আদালতে বেকারিকে অর্থদন্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৬ আগস্ট) রাতে বলেন, ‘বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদন্ড দেওয়া হয়েছে।’
আপনার মন্তব্য