জুড়ী প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২০ ০০:৩৩

জুড়ী ছাত্রদল: আংশিক কমিটি দিয়েই ৪ বছর, স্থবির কার্যক্রম

প্রায় সাড়ে ৪ বছরেও পূর্ণাঙ্গ হয়নি মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রদলের কমিটি। বর্তমান কমিটির বেশির ভাগ চলে গেছেন প্রবাসে। অনেকেই রাজনীতি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে সংগঠনের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।

ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ আজহার আহমেদ ওয়াসিমকে আহবায়ক করে ১৫  সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা ও জাবের আহমদকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট  কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করে তৎকালীন জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলসহ দুই যুগ্ম আহবায়ক। এরপর কয়েকদিন মাঠে সক্রিয় ছিলো সে কমিটি। তবে কমিটি ঘোষণার পরই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্রদলের বড় একটি অংশ। জেলা কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে পদত্যাগ করেন তৎকালীন কমিটির অধিকাংশ সদস্য। দুই গ্রুপের সংঘর্ষও ঘটে তখন। এরপর ঝিমিয়ে পড়ে বিরোধীদের কার্যক্রমও।

জানা যায়, আহবায়ক আজহার আহমেদ ওয়াসিম পরে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হন। এরপর ভারপ্রাপ্ত আহবায়ক না দিয়েই তিনি বিদেশ চলে গেলে অভিভাবক শূন্য হয়ে পড়ে জুড়ীর ছাত্রদল।

এদিকে, কলেজ ছাত্রদলের আহবায়ক জাবের আহমদ শুরু থেকেই নিস্ক্রিয় কলেজের রাজনীতিতে। কয়েকজন যুগ্ম আহবায়ক তখন কলেজের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রদের দলে ভিড়ান। তাদের মধ্যে আব্দুল্লাহ আল ইমন, সিরাজুল ইসলাম রিপন, হিমেল হক, সোহেল আহমদ উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন



২০২০ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জুড়ী সহ মৌলভীবাজারের সব উপজেলা, কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বর্তমান জেলা কমিটি ঘোষণার পর জুড়ী ছাত্রদলের নেতাকর্মীরা স্বপ্ন দেখেন নতুন কমিটির কিন্তু ২ বছরে তা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের কর্মীরা।

ছাত্রদলের সাবেক কয়েকজন নেতা জানান, খুব শীঘ্রই জুড়ী উপজেলা ও কলেজ শাখার কমিটি ঘোষণা করা হবে। জেলা কমিটির বর্তমান নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করেছেন।

উপজেলা ছাত্রদলের বর্তমানে পদ প্রত্যাশিতরা হলেন জুড়ী কলেজের বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ইমন, উপজেলা ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম জয়দুল, দেওয়ান মারজান, জুড়ী কলেজের বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, লুৎফুর রহমান ইমন, হিমেল হক, উপজেলা ছাত্রদল নেতা রুহেল আহমদ, কামরুল ইসলাম, জুবের আহমদ,রাফি চৌধুরী, রিয়াজ উদ্দিন, মারজানুর রহমান, মকবুল হোসেন ইকবাল প্রমুখ।

উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমদ, আব্দুল্লাহ আল ইমন জানান, জেলা নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছেন। জীবনবৃত্তান্তও জমা নিয়েছেন। আশা করছি দ্রুত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, আগামী প্রতিষ্টাবার্ষিকীর (১ সেপ্টেম্বর) আগে কমিটি দেওয়ার চিন্তা ভাবনা আছে।

আপনার মন্তব্য

আলোচিত