২৪ অক্টোবর, ২০১৫ ১২:৫০
সিলেটের দক্ষিন সুরমায় আন্ত:জেলা পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম সদস্য মোহম্মদ আলী(৪৬)কে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশকিছু জাল পাসপোর্ট, ভিসা ও কাগজপত্র।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র্যাব-৯ এর মেজর এএম ফখরুল ইসলাম খানের নেতৃত্বে অভিযানে দক্ষিন সুরমা এলাকার লক্ষীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১৬টি বাংলাদেশী ও ১টি ব্রিটিশ জাল পাসপোর্ট, বিভিন্ন দেশের ১২টি ভূয়া ভিসা ও বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃত মোহম্মদ আলী সিলেটের দক্ষিন সুরমা এলাকার লক্ষীপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম সংগঠক হিসেবে প্রতারনা করে আসছিলো।
তার বিরুদ্ধে এ সংক্রান্ত বেশ কিছু মামলাও রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে বলেনও জানান র্যাব।
পাসপোর্ট আইনের বিধি মোতাবেক মোহাম্মদ আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা ও এএসপি মো. মাইন উদ্দিন।
আপনার মন্তব্য