০৪ আগস্ট, ২০২৬ ০৬:৩০
লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জন্মনিবন্ধন অনুযায়ী ওই শিক্ষার্থীর বয়স ১৪ বছর ২ মাস।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রব সুমন।
কারাগারে পাঠানো শিক্ষার্থীর নাম মো. রিমন। তিনি রামগতি উপজেলার চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে। তিনি আব্দুল কুদ্দুসের ছেলে।
মামলার এজাহারে রিমনের নাম ‘বাচ্চু প্রকাশ রিপন’ উল্লেখ করে বয়স ১৯ বছর লেখা হয়েছে। তবে জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী তার নাম ও বয়সের সঙ্গে এজাহারের তথ্যের মিল পাওয়া যায়নি। আদালতে সোপর্দ করার সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান নাম সংশোধন করলেও বয়স উল্লেখ করেন ১৩ বছর ১১ মাস ২৯ দিন।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রব সুমন বলেন, রিমন একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও মানবিক দিক বিবেচনায় জামিন আবেদন করা হয়েছিল। তবে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হওয়ায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার (৪ আগস্ট) মামলার পরবর্তী হাজিরার দিন নির্ধারিত থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বিকেলে চরমেহার এলাকা থেকে রিমনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। তাদের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং কার্যক্রমের ভিডিও ধারণ করে প্রচারের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য