২৪ অক্টোবর, ২০১৫ ১৭:৫১
তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, এখন বাংলাদেশে অনলাইন সংবাদ মাধ্যম অনেক বিকশিত হয়েছে। অনেকগুলো অনলাইন পত্রিকা হয়েছে। এগুলোকে সৃশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি অনলাইন নীতিমালা করা হচ্ছে। এই অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতার বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সকাল ১১টায় শুরু হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মরতুজা আহমদ বলেন, অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনেক আগেই তৈরী হয়েছে। তা ওয়েবসাইটে দেয়াও আছে। এখন সাংবাদিকসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে। তাদের মতামত নিয়েই এটি চূড়ান্ত করা হবে।
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি পৃথক ওয়েজ বোর্ড স্থাপনের চিন্তা-ভাবনা চলছে বলেও জানিয়েছেন তথ্য সচিব।
তথ্য সচিব আরো বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। এর মাধ্যমে উপকৃত হবেন সারাদেশের সাংবাদিকরা। এই ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা যাবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন- জেলা তথ্য অফিসের উপ পরিচলাক জুলিয়া জেসমিন মিলি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী প্রমুখ।
আপনার মন্তব্য