নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০১৫ ১৭:২৩

পূজায় ‘বখাটেপনায় বাঁধা দেয়ায়’ ছুরিকাঘাতে ৩ যুবক আহত

দক্ষিণ সুরমার জৈনপুরে বখাটেদের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন যুবক। দুর্গা পূজা মণ্ডপে বখাটেপনায় বাধা দেওয়ার জের ধরে শনিবার এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কৃষাণপুরের সীতারাম সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ।

আহত ৩ যুবককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার মধ্যরাতে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮। এই হামলার ঘটনায় সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুর্গা পূজার মহানবমীর রাতে কৃষাণপুরস্থ সীতারাম সার্বজনীন পূজা কমিটির মন্দিরে আরতি চলছিলো। এসময় জৈনপুর ফকিরের পাড়া এলাকার রাহিমসহ কয়েকজন যুবক পূজা দেখতে আসা নারীদের উত্যক্ত করে। এতে পূজা কমিটির সদস্যরা বাঁধা দিলে তাদের সাথে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত পূজা কমিটির দ্বায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়।

এই ঘটনার জের ধরে শনিবার দুপুর দেড়টার সময় সীতারাম পূজা কমিটির সদস্য অনিক ঘোষ, নয়ন পাল ও সাকেরকে জৈনপুরের দেব মার্কেটের সামনে মারধর করা হয়। রাজু আহমদ, রাহিম, জাকির ও অজ্ঞাতনামা কয়েকজন তাদেরকে মার্কেটের ভেতর ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করে বলে মামলায় অভিযোগ করা হয়। এসময় হামলাকারীরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করেন সীতারাম পূজা কমিটির সভাপতি সুমন কুমার ঘোষ।

ছুরিকাঘাতে আহত ৩ জনকে শনিবার দুপুরেই ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার খবর পেয়ে শনিবার দুপুর ২টায় ঘটনাস্থলে উপস্থিত পূজা কমিটি ও স্থানীয় লোকজন আধঘন্টা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

পূজা পরিষদের নিন্দা

সিতারাম সংঘের পূজা কমিটির সদস্য অনিক ঘোষ ও নয়ন পাল এবং তাদের বন্ধু সাকেরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। সিলেট মহানগর শাখার সভাপতি এড. বিমান চন্দ্র দাশ ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এই ঘটনার তীব্র নিন্দা জানান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে কিছু বখাটে যুবক পূণ্যার্থী মেয়েদের সাথে অশোভন আচরণের প্রতিবাদ করায় বিজয়া দশমির পরের দিন অনিক ঘোষ ও নয়ন পালের উপর হামলা চালায় কিছু বখাটে যুবক। তাদেরকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাকের নামে তাদের আরেক সহকর্মী আহত হয়।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনার প্রেক্ষিতে সীতারাম পূজা কমিটির পক্ষ থেকে সংঘের সভাপতি দক্ষিন সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪৮৯৪(৪)১, তাং-২৫-১০-১৫ইং। নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে দোষিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত