সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০২০ ২০:১৮

প্রায় ১৪ মাস পর কারামুক্ত পিযুষ

সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে জামিনে মুক্তি পেয়েছেন। ২০১৯ সালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

কারাবন্দি অবস্থায় তিনি দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (১ নভেম্বর) জামিনে মুক্তি পান তিনি। কারামুক্ত হওয়ার পর সিলেট কেন্দ্রীয় কারাফটকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পীযুষ কান্তি দে কে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, গত বছর ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পিযুষের আস্তানা ঘেরাও করে ৩ সঙ্গীসহ পিযুষকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

পরদিন বৃহস্পতিবার সকালে পিযুষসহ ৪ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

র‌্যাব জানায়, পিযুষের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীকে মারধরের অভিযোগ ওঠে পীযুষ অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত