২৭ অক্টোবর, ২০১৫ ২৩:৪৩
আবহাওয়াজনিত কারণে হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৩ দিনে আধুনিক জেলা সদর হাসপাতালে এসব রোগে ভর্তি হয়েছেন অন্তত দেড়শ’ মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। ৩ দিনে হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ৮০ জন ভর্তি হয়েছেন। চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হবিগঞ্জ জেলা সদরের ১শ’ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে তিন দিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীদের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সদর হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। গত ৩ দিনে প্রায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
কর্মরত চিকিৎসক ডা. দেবাশিষ দাস জানান, আক্রান্ত রোগীর মধ্যে শিশুর সংখ্যা বেশি। আবহাওয়া বদলের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র ২৪ শয্যার শিশু ওয়ার্ডে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসরা। ডায়রিয়া ওয়ার্ডেরও একই অবস্থা। দিনে গরম, রাতে ঠান্ডা আবহাওয়ার এমন পরিবর্তনের কারণেই এ ধরণের রোগের প্রাদুর্ভাব বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তারা জানান, খাবারে সতর্কতা ও সচেতনতার মাধ্যমে এসব রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
আপনার মন্তব্য