০৪ আগস্ট, ২০২৬ ০৬:৫৬
রাজধানীর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের মাদ্রাসা জামিয়া রহমানিয়ার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ ও রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, রহমানিয়া মাদ্রাসা ও দলের আমির মামুনুল হকের কার্যালয়ের কাছাকাছি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আপনার মন্তব্য