৩০ অক্টোবর, ২০১৫ ০৭:৪৫
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট আসছেন আজ শুক্রবার। সকাল ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি।
বিএনপির একাধিক নেতা এ তথ্য জানালেও শীর্ষ নেতারা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। দলীয় ভারপ্রাপ্ত মহাসচিবের সিলেট সফর অনেকটাই গোপন রাখার চেষ্টা করছেন তাঁরা।
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেটে এই গোপন সফর নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরে আসার সত্যতা নিশ্চিত করে সিলেট বিএনপির মধ্যম সারির একাধিক নেতা।
তারা জানান, আজ শুক্রবার সকালে তিনি বিমানের ফ্লাইটে সিলেট আসবেন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন।
এরপর তিনি চলে যাবেন হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের অনেক নেতাদেরও বিষয়টি জানানো হয়নি।
সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট আসছেন বলে মনে করছেন দলীয় নেতারা।
আপনার মন্তব্য