সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২০ ১৬:২০

ড. আতফুল হাই শিবলী বনানী কবরস্থানে সমাহিত

জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলীকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বুধবার রাজধানীর বনানী জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় তার।

জানাজায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

অধ্যাপক আতফুল হাই শিবলী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। ২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

মৃত্যুকালে আতফুল হাই শিবলীর বয়স হয়েছিল ৭৭ বছর। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রাম।

অধ্যাপক আতফুল হাই শিবলী এক ছেলে সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী নাজিয়া খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নার্সারি স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা উইমেন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন। বর্তমানে বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীন একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার ছেলে শাকির যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

অধ্যাপক ড. আতফুল হাই শিবলী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নীপতি।

আপনার মন্তব্য

আলোচিত