নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২১ ২২:৫২

সিসিকের অভিযানে ৮ মামলা, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পৌনে তিন লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

নগরীর জিন্দাবাজার এলাকায় বুধবার (৬ জানুয়ারি) সিসিকের পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এবং নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশের ভ্রাম্যমাণ আদালত নগরের শুকরিয়া মার্কেট, কাকলী শপিং সিটি ও রহমান ম্যানশনে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া হোল্ডিং ট্যাক্স ২ লাখ ৭৯ হাজার ১’শ ৮৯ টাকা আদায় করেন।

এসময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ভেজাল পণ্য বিক্রির অপরাধে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জরিমানা ১৩ হাজার টাকা আদায় করা হয়।

অভিযানে সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

 

আপনার মন্তব্য

আলোচিত