০৭ জানুয়ারি, ২০২১ ২১:১৬
দীর্ঘ ২০ বছর পর অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে কমিটি গঠনের খবর।
জানা গেছে, মামুনুর রশিদ মামুনকে আহ্বায়ক এবং সামছুল ইসলাম জাবিরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়ার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা কমিটির পাশাপাশি ইমন আহমদকে আহ্বায়ক ও মোবারক হুসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি এবং রহুল আমিনকে আহ্বায়ক ও আব্দুল কাদির রাহিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর সরকারি ডিগ্রি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দলীয় নেতা-কর্মীরা জানান, ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। ২০০৫ সালের দিকে ছাত্রদলের সভাপতি রাজ আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। ওই কমিটির ছাত্রদলের সবাই বর্তমানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সস্পৃক্ত রয়েছেন। এর মধ্যে অনেক নেতা-কর্মী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এছাড়া পৌরসভা, কলেজ ও উপজেলার সবটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনেক বছর ধরেই ছিল না। সম্প্রতি ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপির দুই বলয়ের নেতা-কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, বুধবার জগন্নাথপুর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আপনার মন্তব্য