হবিগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২১ ২৩:০৭

হবিগঞ্জে রাতে বের হলেই আটক

হবিগঞ্জ শহরে আশঙ্কাজনকভাবে চুরি বৃদ্ধি হয়েছে। প্রতি রাতেই কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় চুরির ঘটনা ঘটছে। চুরির ঘটনায় এখন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি নিয়ন্ত্রণে পুলিশ-ব্যবসায়ীরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু এরপরও নিয়ন্ত্রণ করতে না পারায় কঠোর হয়েছে পুলিশ।

চুরি রোধে রাত ১২টার পর শুধু চিকিৎসা সেবার প্রয়োজন ব্যতীত শহরে অযথা ঘোরাফেরা করলে পুলিশ হেফাজতে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে সদর মডেল থানা থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা জানান, ‘সম্প্রতি শহরে পরপর বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পুলিশ প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর পুলিশকে কঠোর হওয়ার আহবান জানানো হয়েছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, শীতের রাত ১২টার পর শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাসেবার কিংবা যুক্তিসঙ্গত প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে পেলে পুলিশের হেফাজতে আনা হবে। তার পরিচয় যাচাইয়ের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে বিনা কারণে শহরে ঘোরাফেরা করার কারণে পাঁচজনকে আটক করা হয়েছিল। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। তিনি তরুণদের রাতে বাসা থেকে বের না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত