০৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:২৮
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ১০ হাজার ৯৯৫ ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনার এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারী অ্যাম্বুলেন্সে করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান এই ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজলো পরিষদ ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, সমাজসেবা কর্মকর্তাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন বলেন, ‘আজকে আমরা প্রথম পর্যায়ে ১১০ ভায়াল করোনার টিকা পেয়েছি যা দিয়ে ১০ হাজার ৯৯৫টি ডোজ হবে। এটি দিয়ে উপজেলার ৫ হাজার ৪৯৫ জন মানুষকে করোনার ভ্যাকসিন দিতে পারবো। দুই ধাপে এই টিকাটি দিতে হয়, প্রথম ডোজের ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া লাগে। প্রথমে সবাইকে আমরা এই করোনার ভ্যাকসিন দিতে পারছি না। ৫৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেনে তারা সকলেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এর নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে করোনাকালীন সময়ের সন্মুখ সারীর যোদ্ধা যেমন চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ এমন অগ্রাধিকার ভিত্তিক মানুষ করোনার টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবেন না।’
আপনার মন্তব্য