বড়লেখা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৫০

বড়লেখায় প্রথম দিন করোনার টিকা নেবেন যারা

রোববার টিকাদান শুরু

সারাদেশের ন্যায় রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

প্রথম দিন শুরুতেই টিকা নেবেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ সরকারি কর্মকর্তারা।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০ টায় ঢাকায় উদ্বোধনের পর বড়লেখায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন ১০০ জন টিকা পাবেন। ৩টি বুথে টিকা দেওয়া হবে। যারা টিকা পাবেন ইতিমধ্যে তাদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পৌঁছেছে। টিকা নিতে শনিবার পর্যন্ত বড়লেখায় ১ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় জানান, টিকা দানের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর বড়লেখায় রোববার সকাল ১০টায় টিকা দান শুরু হবে।

এদিকে শনিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন সরকারি অ্যাম্বুলেন্সে করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এই ভ্যাকসিন গ্রহণ করেন।

 

আপনার মন্তব্য

আলোচিত