সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৫:৩৯

সড়কে ছেলে-মেয়েসহ প্রাণ গেল শিক্ষিকা মায়ের

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাস চাপায় ছেলে-মেয়েসহ মা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে শহরের এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুনী খাতুন (৩০) বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী। তার ছেলে অদি (১২) ও সায়েবা (৬)।

আহত অটোরিকশার চালক চান মিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিম এবং স্থানীয় পৌর কাউন্সিলর আরজু জানান, রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও এক মেয়ে নিয়ে অটোরিকশাযোগে শহরে যাচ্ছিলেন। এস.বি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে যাত্রাবাহী এক বাস এক ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ রুনী মারা যায়। এতে গুরুতর আহত হয় চালক ও সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি বাহা উদ্দিন ফারুকী জানান, মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

আপনার মন্তব্য

আলোচিত