নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:২৪

‘টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আতঙ্কিত হবেন না’

‘করোনার টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভয় পাওয়ারও কিছু নেই।’ মৌলভীবাজারের বড়লেখায় প্রথম দিন টিকা দেওয়ার পর এমন কথা জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। তারা অযথা আতঙ্কিত না হয়ে সকলকে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১০ জনের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে বড়লেখায় কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়।

টিকা নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কামরুল হাসান রাহাত বলেন, ‘খুব ভালো লাগছে। সবারই নেওয়া উচিত এটা। ভয় নেই। টিকা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ আছি।’ এমন কথা জানিয়েছেন, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার ও নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার।’

বড়লেখায় প্রথম টিকা নেওয়ার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ বলেছেন, ‘করোনার টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অযথা আতঙ্কিত না হয়ে সবারই টিকা নেওয়া দরকার। সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়, এ জন্য আমি সবার আগে ভ্যাকসিন নিয়েছি। সকলকে দ্বিদ্বা-দ্বন্দ্ব ছাড়াই টিকা গ্রহণের আহ্বান জানাই।’

দুপুর দেড়টায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘টিকা নিলাম। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মানুষকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। নিবন্ধন করে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ বলেছেন, ‘আমি সকালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছি। এই ভ্যাকসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো অনুভূত হয়নি। ভয় লাগেনি।’

একই সময়ে টিকগ্রহণ করেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। তিনি বলেন, ‘টিকা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমি সকালে টিকা দিয়েছি। সম্পূর্ণ সুস্থ আছি। মানুষের মাঝে ভয় কেটে যাবে। টিকা দেওয়া পর অনেকের সাথে আলাপ করেছি। মানুষের আগ্রহ আছে।’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না দাস ও শম্পা রানী দাস বলেন, ‘কোনো সংশয় ছাড়াই করোনার টিকা দিলাম। মানুষের মাঝে উৎসাহ আছে।’

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এসময় বিশেষ অতিথি ছিলেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ।

এরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ১ নম্বর বুথে প্রথমে টিকা নেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এরপর ২ নম্বর বুথে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস।

প্রথম ধাপে আরো ৮জন টিকা নেন। তারা হলেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমপিএইচ) ডা. আব্দুল মুকিত, ডা. কামরুল হাসান রাহাত, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার, সাংবাদিক লিটন শরীফ, নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ ও সমাজসেবক আতাউল আম্বিয়া চৌধুরী।

দুপুর দেড়টায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬৪ জন টিকা নিয়েছেন। ৩টি বুথে তাদের টিকা দেওয়া হয়েছে।

আগামীকাল সোমবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যোন্ত টিকা দান চলবে।

আপনার মন্তব্য

আলোচিত