নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:৩০

জৈন্তাপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি মো. আব্দুল কুদ্দুসকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুদ্দুস উপজেলার দলই পাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামানের নেতৃত্বে জৈন্তাপুর থানার দলইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৬৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৪ হাজার ৬৫০ টাকা, দেশীয় ১২টি বড় ছোরা, ৫টি ছোট ছোরা, ৫৮টি কার্তুজ খোসা, ৬টি হেলমেট ও ৩১ পিস বুলেটপ্রুফজব্দসহ মো. আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, মো. আব্দুল কুদ্দুস পেশাদার মাদক কারবারি। সে ওইসব অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

আপনার মন্তব্য

আলোচিত