০৯ ফেব্রুয়ারি , ২০২১ ১৩:৩৩
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী তাওহীদুল আলম প্রত্যয় আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই দু’বার পরিবারের সদস্যদের প্রচেষ্টায় সে চেষ্টায় ব্যর্থ হলেও সোমবার শেষ রক্ষা হয়নি প্রত্যয়ের। এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) এ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নগরীর নয়াবাজার এলাকার স্বপ্নিল নামের একটি মেসের ২য় তলার ৬ নং রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তাওহীদুল আলম প্রত্যয়ের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়। তার পিতার না এস এম জাহিদুল আলম।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১টায় সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃতের পরিবারের বরাত দিয়ে সিলেটটুডে টোয়েন্টিফোরকে তাওহীদুল আলম প্রত্যয়ের নেয়া আগের দু’বার আত্মহত্যার চেষ্টার তথ্য জানান।
তিনি জানান, প্রত্যয়ের মরদেহ জানালায় ঝুলে আছে দেখতে পেয়ে শাকিল নামের এক যুবক জরুরী সেবা নাম্বার ‘৯৯৯’ এ ফোন করেন বিষয়টি জানালে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। তার পরিবার জানিয়েছেন সে পূর্বে আরও দুই-একবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে সময় পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে রক্ষা করেন। সবসময় একা থাকতে পছন্দ করতেন তৌহিদুল। মানুষের সাথে চলাফেরাও কম ছিলো। পড়ালেখার পাশাপাশি তিনি মাঝে মধ্যে টিউশনিও করাতেন।
এদিকে সোমবার (৮ ফেব্রুয়ারি) কোন এক সময় ভাড়াটে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শরীরে সন্দেহ করার মতো কোনও চিহ্ন নেই। বর্তমানে ময়নাতদন্ত চলছে। প্রতিবেদন হাতে আসলে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গতকাল সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তাওহীদুল আলম প্রত্যয়ের ঝুলন্ত মরদেহ নগরীর নয়াবাজার এলাকার স্বপ্নিল নামের একটি মেসের ২য় তলার ৬ নং রুম থেকে উদ্ধার করে পুলিশ।
আপনার মন্তব্য