১০ ফেব্রুয়ারি , ২০২১ ২০:১৯
সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন বিভিন্ন শ্রেনীপেশার মানুষের ভিড় বাড়ছে। ভয় নয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে। কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে আহবার জানান গ্রহণকারীরা।
চার দিনে কমলগঞ্জে প্রায় ১ হাজার ২০০ মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। শুধু বুধবার কমলগঞ্জে ৬৮২ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সাথে বাড়ছে অনলাইন নিবন্ধনও। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, বিমান বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে দেখা গেছে।
বুধবার টিকা দানের চতুর্থ দিনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে আসা ব্যাংক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, রিপন মজুমদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, শিক্ষক মোশাহীদ আলী বলেন, ‘ভ্যাকসিন গ্রহণ করে কোনো সমস্যা হয়নি। একটি চক্র গুজব ছড়াচ্ছে, টিকা নিয়েছি অসুবিধা হয়নি। করোনার টিকা বিনামূল্যে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘মানুষের দীর্ঘ সারি আছে। একের পর একজন আসছেন। টিকা দেওয়াতে কোনো ঝামেলা নাই।’ তিনি জানান, কমলগঞ্জে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। চতুর্থ দিনে মানুষের ভিড় ছিল বেশি। এদিন ৬৮২ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনটি বুথে মোট ১ হাজার ১৮৩ জন লোক কোভিড-১৯ এর টিকা নিয়েছেন এবং ১ হাজার ৩ শতাধিক অনলাইনে নিবন্ধন করেছেন। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা নিতে পারবেন।’
আপনার মন্তব্য