১০ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৪৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের নতুন নেতৃত্বের জন্য নতুন কমিটি গঠনের আহবান জানিয়েছেন শাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ আট বছর থেকে নতুন কমিটি না হওয়ায় শাবিপ্রবি ছাত্রলীগের মাঝে হতাশা বিরাজ করছে। একটি কমিটি দিয়ে দীর্ঘ আট বছর সময় কেটে গেছে। এরই মধ্যে কমিটি না হওয়ায় অনেক জ্যেষ্ঠ নেতারাও ক্যাম্পাস ত্যাগ করেছেন।’
নেতৃবৃন্দ বলেন, ‘কমিটির ধারাবাহিকতা না থাকলে নতুন নেতৃত্ব তৈরি হয় না। যা একজন কর্মী ও দেশের জন্য অমঙ্গলজনক। এতে ছাত্ররাজনীতিতে ভাটা নেমে আসে। আশা করি ক্যাম্পাস খুললে শীঘ্রই নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে শাবিপ্রবি ছাত্রলীগ।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘শাবিপ্রবি প্রেসক্লাব আর ছাত্রলীগ একে অপরের পরিপূরক। সেজন্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিভিন্ন উন্নমনমূলক কর্মকান্ডে প্রেসক্লাব আর শাবিপ্রবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’
প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিভিন্ন সংকট-সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরি। আশাকরি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে প্রেসক্লাব ও ছাত্রলীগ যৌথভাবে কাজ করবে।’
এসময় পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সদস্য আশরাফ কামাল আরিফ, মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী ও সামাজিক বিজ্ঞান অনুষদ যুগ্নসাধারণ সম্পাদক সুমন সরকারসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, সহ সম্পাদক জিএম ইমরান হোসেন, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য