১১ ফেব্রুয়ারি , ২০২১ ২০:৪৪
মৌলভীবাজারে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল দেয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাই সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় এক পক্ষ অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছোঁড়ে। এবং লাটি-সোটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয় পক্ষের আহত হয় অন্তত ১২জন । খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে। দুই ঘন্টাপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপার উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
উপজেলা চেয়ারম্যান শাহাজান খান বলেন, মিছিল দিতে তাদের সমর্থকরা উপজেলা প্রাঙ্গনে সমবেত হলে অতর্কিতভাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতির সমর্থকরা ইট-পাটকেল ছোঁড়ে। এ সময় তাদের প্রায় ১০জন নেতাকর্মি আহত হয়েছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাই এর সাথে যোগাযোগ করে না পাওয়ায় তাঁর সমর্থক সাবেক এক ছাত্রনেতা জানান, উপজেলা পরিষদ এলাকায় এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সমাবেশ শুরুর পূর্বে সমবেত নেতাকর্মিদের উপর হামলা করেছে উপজেলা চেয়ারম্যান এর সমর্থকরা। এ সময় কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কিছু রাবার বুলেট ও টিয়ার সেল ছোঁড়া হয়েছে।
আপনার মন্তব্য