কমলগঞ্জ প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০২১ ২১:১৮

কমলগঞ্জে গাছ চাপায় নারীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন্যপ্রাণী উদ্যান এলাকার কালাছড়া বনে গাছ চাপায় লালমতি ভানু (৫০) নামের এক নারী মারা গেছেন।

শনিবার দুপুর ১২টায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত নারী ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে লালমতি কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে যান। সেখানে পূর্ব থেকে বনায়নের গাছ কাটতে ছিল শ্রমিকরা। এসময় অসাবধানতা বশত: একটি কাটা গাছের নীচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে গাছ কাটা শ্রমিক আব্দুল জব্বারের দৃষ্টিগোচর হলে তার পরিবারের লোকজন নারীকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আউয়াল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গাছ মহালদার ফজলুর রহমান জানান, এটি সামাজিক বনায়নের গাছ। বনবিভাগ থেকে তিনি অকশন নিয়ে গাছগুলো কাটাচ্ছেন। তিনি শ্রমিকদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সোহেল রানা জানান, ঘটনাটি কেউ জানায়নি। তবে পুলিশ খবর পেয়ে হাসপাতালে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত