চুনারুঘাট প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৫২

আজ চুনারুঘাট পৌরসভায় ভোট

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় আজ (১৪ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের এই ভোটে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে। 

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এরমধ্যে পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু, আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) দলীয় (হাত পাখা) প্রতীকের প্রার্থী মো. বাছির আহম্মদ। তিনজনের মধ্যে ভোটের লড়াইয়ে কে হচ্ছেন পৌরপিতা এ নিয়ে মানুষের মাঝে চলছে আলোচনা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩৯২ জন। এরমধ্যে পুরুষ ৭১৭৮ জন নারী ৭২১৪ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুনারুঘাট নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দীপক কুমার রায় বলেন, ‘প্রথমবারের মতো এখানে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। পৌরসভার ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা নির্বেঘ্ন ভোট দিতে আসবেন।’

আপনার মন্তব্য

আলোচিত